সেমিফাইনালে উঠেই শিরোপায় চোখ জারিফের
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৫: ১৪
বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে–৩০ প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠেছেন জারিফ আবরারশামসুল হক
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে–৩০ প্রতিযোগিতায় আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের তরুণ জারিফ আবরার। জাতীয় টেনিস কমপ্লেক্সে আজ ভারতের শৌনক চ্যাটার্জিকে ২–১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন জারিফ। আগামীকাল শেষ চারে তাঁর প্রতিপক্ষ থাইল্যান্ডের আরিয়াফোল লেকুল। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেই জারিফের চোখ এখন শিরোপায়। ম্যাচের পর বললেন, ‘ইনশাআল্লাহ, সেমিফাইনালে একটা ভালো ম্যাচ খেলব। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারব, সেই আত্মবিশ্বাসটাও আছে।’শৌনকের বিপক্ষে আজ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন জারিফ। প্রায় পৌনে তিন ঘণ্টার রোমাঞ্চকর লড়াই শেষে বিজয়ের হাসি ফোটে এই বাংলাদেশির মুখে। প্রথম সেট থেকেই দুজনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শুরুটা অবশ্য ভালো হয়নি জারিফের, ৫–৭ গেমে হেরে যান প্রথম সেট। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৬–২ গেমে জিতে সমতা ফেরান।তারপর তৃতীয় সেট, এবং সেখানে ভীষণ নাটক! শুরুতে ৩–০ ব্যবধানে এগিয়ে যান জারিফ। তখন মনে হচ্ছিল, ম্যাচ শেষ প্রায়। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৫–৩ গেমে লিড নেন শৌনক। তবে জারিফও হাল ছাড়েননি। পিছিয়ে থেকেও পরপর চার গেম জিতে ব্যবধানটা ৭–৫ করেন। লিখে ফেলেন এক দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প। এমন লড়াই জিতে নিজেকে কিছুটা ভাগ্যবানও মনে করছেন জারিফ, ‘ভাগ্যটা সহায় ছিল। আসলে এই ম্যাচ জিতব ভাবিনি। একটা সময় আমি ৩-৫ ব্যবধানে পিছিয়ে পড়ি। এতটা ব্যবধানের পর ঘুরে দাঁড়াতে পারব চিন্তাও করিনি। তবে একটা সময় মোমেন্টটা শিফট হয়েছে।’ ১১ অক্টোবর শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে আরও ১১টি দেশ—অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল নেপাল ও ওমান
আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৯: ১৯
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করেছে নেপালক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আরও দুটি দল। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বিশ্বকাপ টিকিট কেটেছে নেপাল ও ওমান। এ নিয়ে বিশ্বকাপের ২০ দলের মধ্যে ১৯টিই চূড়ান্ত হয়ে গেল। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়।২০২৬ আসরের যে বাছাই প্রক্রিয়া, তাতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ আছে ৩টি জায়গা। ওমানের আল আমেরাতে ৯টি দল নিয়ে আঞ্চলিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব শুরু হয় গত ৮ অক্টোবর। গ্রুপ পর্ব পেরিয়ে ৬টি দল বর্তমানে সুপার সিক্স খেলছে।৬ দলের এই লড়াইয়ে আজ সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৭৭ রানের জয় নেপাল ও ওমানের বিশ্বকাপ নিশ্চিত করে। নেপাল ও ওমান নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের ওপরের দিকে আছে। সামোয়াকে হারানো আমিরাতের পয়েন্ট ৪ ম্যাচে ৪। অন্য তিনটি দলের মধ্যে জাপান ও কাতারের পয়েন্ট ২ করে, সামোয়ার ০। অর্থাৎ, নেপাল ও ওমানের পয়েন্ট তালিকার শীর্ষে তিনে থাকা নিশ্চিত। আর তাই দুই ম্যাচ হাতে থাকতেই বিশ্বকাপ নিশ্চিত করেছে এশিয়ার দেশ দুটি। তৃতীয় জায়গাটির জন্য লড়াই এখন আরব আমিরাত ও জাপানের।